সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে এক নারীকে ধর্ষণ মামলার বাদীকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারীর স্বামী ও মামলার বাদী সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানায় সাধারণ ডায়েরি করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আহসান বলেন, এমসি কলেজ ছাত্রাবাসে ওই নারীকে ধর্ষণ মামলার বাদীকে অজ্ঞাত ফোন থেকে প্রাণ নাশের হুমকি দেয়া হয়। এ ঘটনায় থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেন তিনি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
মামলার বাদী ও নির্যাতিত নারীর স্বামী মাইদুল ইসলাম লিখিত অভিযোগে বলেন, গত ২৯ মার্চ আনুমানিক সকাল ৯টায় তার বাড়িতে সিএনজি অটোরিক্সাযোগে একজন ব্যক্তি নাম পরিচয় গোপন রেখে তাকে খুঁজতে যায়। তিনি বাড়িতে না থাকায় তার বাবা ও ছোট ভাইয়ের সঙ্গে খারাপ আচরণ করে এবং তাকে খুঁজতে থাকে। ওই ব্যক্তি পরে তার মোবাইল নম্বর সংগ্রহ করে ফোন করে নাম-ঠিকানা-পরিচয় গোপন রেখে বিভিন্ন ধরনের কথা-বার্তা বলে ও হুমকি দেয়।
গত দুদিন থেকে কয়েকবার কল দিয়ে তাকে ও তার পরিবারের অন্য সদস্যদের ও তার মামলা পরিচালনাকারী বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট-এর নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট আইনজীবীদের ক্ষতিসাধন ও মিথ্যা মামলা এবং জানে মারার হুমকি দেয়। এ অবস্থায় তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। এ ঘটনায় গত সোমবার দক্ষিণ সুরমা থানায় জিডি করেন।
উল্লেখ্য, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাতে এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের শিকার হন স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়া এক নারী। এ ঘটনায় রাতেই ধর্ষণের শিকার নারীর স্বামী বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করে শাহপরান থানায় মামলা করেন। পুলিশ ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে অভিযুক্ত করে এরইমধ্যে আদালতে চার্জশীট দাখিল করে। মামলাটি আদালতে বিচারাধীন।