সব মিলিয়ে এ গ্যাস ফিল্ডের পাঁচটি কূপ থেকে প্রতিদিন গ্রিডে যাবে মোট ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত গতকাল শ্রীকাইলের মখলিসপুর এলাকায় নতুন কূপের উদ্বোধন করেন।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থা চ্যালেঞ্জের মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে দেশের নিজস্ব গ্যাস ক্ষেত্র থেকে নতুন গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়া বাংলাদেশের জন্য একটি অত্যন্ত আশাব্যঞ্জক ও ইতিবাচক সংবাদ। বাপেক্সের দক্ষ প্রকৌশলী ও কর্মকর্তাদের নিরলস পরিশ্রমের ফলে শ্রীকাইল-৫ কূপ থেকে প্রতিদিন গড়ে প্রায় ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।’
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, শ্রীকাইল গ্যাস ফিল্ড থেকে আগামী প্রায় ১০ বছর গ্যাস পাওয়া যাবে। বর্তমান বাজারমূল্যে যার আনুমানিক মূল্য প্রায় ৬ হাজার ৮৩২ কোটি টাকা। এ গ্যাস ফিল্ডে ৪০ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ থাকতে পারে। যার মধ্যে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ রয়েছে ২৮ বিলিয়ন ঘনফুট।
গত বছরের ২৮ সেপ্টেম্বর শ্রীকাইল-৫ কূপে খনন কার্যক্রম শুরু করা হয় এবং চলতি বছরের ১ জানুয়ারি খননকাজ শেষ হয়। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয় প্রায় ১৩২ কোটি টাকা।
সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী এ বছর জাতীয় গ্রিডে ৮২ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এটি কোনো কল্পনাপ্রসূত পরিকল্পনা নয়, বরং বাস্তবসম্মত কর্মপরিকল্পনা এবং বাপেক্সের দক্ষ কর্মকর্তা-কর্মচারীদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে এ লক্ষ্য অর্জন করা যাবে বলে জানান জ্বালানি প্রতিমন্ত্রী।
শ্রীকাইল গ্যাস ফিল্ডের কূপ-৫-এর উপপ্রকল্প পরিচালক মো. আব্দুল বাতিন বলেন, ‘গত বছর ২৮ সেপ্টেম্বর এ কূপ খনন শুরু হয়। এ বছর জানুয়ারিতে খননকাজ শেষ হয়। এ কূপে মজুদ রয়েছে ৪০ বিলিয়ন ঘনফুট গ্যাস। আজ থেকে এ কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হলো।’
জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, দেশে শিল্প-কারখানা বৃদ্ধি ও জ্বালানি চাহিদা পূরণে ২০২৬ সালের মধ্যে ১৮টি প্রকল্পের আওতায় ৫০টি কূপ খনন ও ওয়ার্কওভার শেষ করার পরিকল্পনা রয়েছে। যার মাধ্যমে জাতীয় গ্রিডে ৬৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। এখন পর্যন্ত ২২টি কূপের খনন ও ওয়ার্কওভার শেষে ২২৭ মিলিয়ন ঘনফুট গ্যাসের সংস্থানের বিষয়ে নিশ্চিত হয়েছে পেট্রোবাংলা। এরই মধ্যে এসব প্রকল্পের আওতায় ১০৭ মিলিয়ন ঘনফুট যুক্ত হয়েছে। বাপেক্সের বিজয়-১০ রিগ দিয়ে শ্রীকাইলের কূপ খনন শুরু হয়।
শ্রীকাইলের গ্যাস গ্রিডে যুক্ত হওয়ার এ অনুষ্ঠানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. এরফানুল হক, পেট্রোবাংলার পরিচালক (অপারেশনস অ্যান্ড মাইনস) রফিকুল ইসলাম, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফজলুল হক, প্রকল্প পরিচালক মোজাম্মেল হকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।