বরিশাল থেকে রাজধানীমুখী লঞ্চগুলোয় যাত্রী পরিবহনে স্বাস্থ্যবিধি না মানলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। গতকাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে প্রচারিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, নিজেদের জীবন-জীবিকার জন্যই হয়তো লঞ্চ বা বাসে চলাচল করতে হচ্ছে। তবে আগে দেখতে হবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলাচল করতে পারছি কিনা। সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে, লঞ্চে ভ্রমণের জন্য টিকিট কাটার আগে এটা নিশ্চিত হন যে ভিড় রয়েছে কিনা। প্রয়োজনে ভ্রমণ তারিখ ও লঞ্চ পরিবর্তন করুন। কিন্তু কোনোভাবেই ঝুঁকি নিয়ে চলাচল করবেন না, ভিড়ের মধ্যে যাবেন না।
বরিশাল নদীবন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার বলেন, সরকারি নির্দেশনা কার্যকর করার লক্ষ্যে সবাই সচেষ্ট রয়েছেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঙ্গে নিয়ে মনিটরিং কার্যক্রম পরিচালনা করছেন।