ফেরত উপযোগী ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে চিহ্নিত করেছে মিয়ানমার

অপর ৭০ হাজার রোহিঙ্গার চূড়ান্ত যাচাই-বাছাই এখনো চলছে, যাদের নাম ও ছবি অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষার আওতায় রয়েছে।

মিয়ানমার কর্তৃপক্ষ বাংলাদেশকে নিশ্চিত করেছে যে বাংলাদেশে আশ্রয় নেয়া ৮ লাখ রোহিঙ্গার তালিকায় থেকে তারা ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত যাওয়ার জন্য উপযুক্ত হিসেবে চিহ্নিত করেছে। বাংলাদেশ ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ছয় কিস্তিতে এ তালিকা মিয়ানমারকে সরবরাহ করেছিল।

অপর ৭০ হাজার রোহিঙ্গার চূড়ান্ত যাচাই-বাছাই এখনো চলছে, যাদের নাম ও ছবি অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষার আওতায় রয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে এক বৈঠকে মিয়ানমারের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শিউ বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানকে এ তথ্য জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোহিঙ্গা সংকটের দীর্ঘদিনের সমাধানের দিকে এটি একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। মিয়ানমার মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে মূল তালিকায় থাকা অবশিষ্ট ৫৫০ হাজার রোহিঙ্গার যাচাই-বাছাই দ্রুততার সঙ্গে করা হবে।

এ বৈঠকে বাংলাদেশের উচ্চ প্রতিনিধি মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য সমবেদনা জানান এবং বলেন, বাংলাদেশ দুর্যোগ কবলিত মানুষদের জন্য আরো মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত।

আরও