গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরতার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। আজ সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এ সমাবেশ হয়। এতে অংশ নেন দুই হাজারের বেশি মানুষ।
এদিকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এদিন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা।
জনসংযোগ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদারের সঞ্চালনায় কলা অনুষদের সাবেক ডিন ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. ফজলুল হক বলেন, ১৯১৭ সালের চুক্তিতে প্রতিষ্ঠিত ছোট রাষ্ট্র ইসরায়েল আজ গাজাবাসীর ওপর নৃশংসতা চালাচ্ছে। শুধু ওআইসি বা মুসলিম ভ্রাতৃত্বের বুলি দিয়ে পরিবর্তন আসবে না। তাই আওয়াজ তুলতে হবে—‘আর নয় প্রতিবাদ, এবার হোক প্রতিশোধ’, যা হবে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, আজ মুসলিম বিশ্ব বিভক্ত বলেই এমন সাহস পাচ্ছে হামলাকারীরা। ঐক্যবদ্ধ না হলে একে একে পুরো মুসলিম বিশ্ব ধ্বংসের মুখে পড়বে।
সবশেষে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, বিশ্বজুড়ে নিপীড়নের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিকভাবে অবস্থান নেওয়া বিশ্ববিদ্যালয়ের নৈতিক দায়িত্ব। জাতিসংঘ বা ওআইসি নয়, শিক্ষার্থীদের যোগ্যতাই স্বাধীন ফিলিস্তিন গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে।
সমাবেশে আরো বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. ফরিদ উদ্দীন খান, রেজিস্ট্রার ও আরবি বিভাগের অধ্যাপক ইফতেখারুল ইসলাম মাসুদ, ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক মোছা. ইসমত আরা বেগম, অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক আব্দুল আলিম, মার্কেটিং বিভাগের অধ্যাপক ফরিদুল ইসলাম, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাসুদুল হাসান খান মুক্তা প্রমুখ।