গতকাল ভোরে যশোর-নড়াইল সড়কের শহরের নীলগঞ্জ ব্রিজ এলাকা থেকে ২৬টি স্বর্ণের বারসহ ওই তিনজনকে আটক করা হয়।
আটকরা হলেন যশোরের শার্শা উপজেলার রাজনগর গ্রামের রনি (৩৬), চৌগাছা উপজেলার উত্তর কয়েরপাড়া গ্রামের আব্দুল গনি (৫৪) এবং সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের ইসরাইল (৪৬)। উদ্ধারকৃত মালামালের মোট মূল্য ধরা হয়েছে ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ৮৬৭ টাকা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোর সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি করে। এ সময় গাড়ির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩ কেজি ৪৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। একই সঙ্গে ব্যবহৃত প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ২২-৭৯৩০), পাঁচটি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার ৩২৭ টাকা জব্দ করা হয়।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘আটক তিনজনের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।’