নরসিংদীতে বাড়ির পাশের খাল থেকে রাবেয়া বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ মার্চ) দুপুরে বাড়ির পাশের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাবেয়া শুক্রবার (১৪ মার্চ) থেকে নিখোঁজ ছিলেন।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত রাবেয়া বেগম সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের আলোকবালী পশ্চিম পাড়া এলাকার আওয়াল মিয়ার স্ত্রী।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাবেয়া বেগম শুক্রবার (১৪ মার্চ) দুপুরের পর থেকে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে রোববার দুপুরে গ্রামের পার্শ্ববর্তী খালে মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আলোকবালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য আমান উল্লাহ আমান বলেন, কীভাবে রাবেয়া বেগমের মৃত্যু হলো, তা এখনো স্পষ্ট নয়। আমাদের প্রাথমিক ধারণা, এটি একটি দুর্ঘটনা হতে পারে, তবে ময়নাতদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। পরিবার থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে পরিবার এখনো লিখিত অভিযোগ দেয়নি। মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।