বগুড়ায় কার্গো প্লেন কীভাবে আসতে পারে, সে বিষয়ে কাজ শুরু করব : প্রধানমন্ত্রী

সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম-খতিবসহ ধর্মগুরুদের সম্মানী ভাতা দেয়ার কথা বলা হয়েছিল, সেসব কার্যক্রম শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বগুড়ায় কার্গো প্লেন কীভাবে আসতে পারে, সে বিষয়ে কাজ শুরু করা হবে। এ অঞ্চলের কৃষিপণ্য যেন বিদেশের বাজারে বিক্রি হয়, সেই কাজটি করা হবে। তিনি বলেন, এ দেশে শহীদ জিয়াউর রহমান যুদ্ধের ডাক দিয়ে স্বাধীনতা এনেছিলেন। এ দেশ গণতান্ত্রিক মুক্তিকামীদের দেশ, যারা স্বাধীনতায় বিশ্বাস করে তাদের দেশ।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, স্থানীয় সরকার সচিব শহীদুল হাসান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, বগুড়া পৌরসভার প্রশাসক রাজিয়া সুলতানাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রী বলেন, সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম-খতিবসহ ধর্মগুরুদের সম্মানী ভাতা দেয়ার কথা বলা হয়েছিল, সেসব কার্যক্রম শুরু হয়েছে। খাল খননের কথাও বলা হয়েছিল, সরকার গঠন করে সেগুলো বাস্তবায়ন করা হয়েছে।

বিএনপি আপনাদের যে কথা দিয়েছিল, সেগুলো পূরণ করতে শুরু করেছে। বাস্তবায়নের জন্য আপনাদের সহযোগিতা দরকার। বিএনপি সরকার যুবকদের জন্য দেশে-বিদেশে কর্মসংস্থান তৈরিতে কাজ করছে। সরকার গঠন করার পর জনশক্তি রফতানির ক্ষেত্রে বিভিন্ন দেশে অল্প খরচে চাকরির ব্যবস্থা করা হবে। দেশের মানুষ সহজে বিদেশে চাকরি নিয়ে যেতে পারবে।

এর আগে সফরের প্রথম পর্বে বগুড়া জেলা বার সমিতির বহুতল ভবনের নতুন ভবন এবং ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন করা হয়। এরপর জেলার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে নিজ পৈতৃক বাড়ি পরিদর্শন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন এবং হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন। বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন এবং চৌকিরদহ খাল খননের কাজ শুরু করা হয়।

বিকেলে বগুড়া শহরে ফিরে আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সন্ধ্যায় তিনি নবনির্মিত বগুড়া প্রেসক্লাব ভবনের উদ্বোধন এবং বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেন। সবশেষে ঢাকার পথে পল্লী উন্নয়ন একাডেমিতে যাত্রাবিরতি করবেন।

আরও