বরগুনায় গণপিটুনিতে যুবক নিহত

বরগুনার পাথরঘাটায় গণপিটুনিতে আবুল বাশার সুজন (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

বরগুনার পাথরঘাটায় গণপিটুনিতে আবুল বাশার সুজন (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় তার চোখ উপড়ে ফেলা হয়। গতকাল বেলা ২টার দিকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সকাল ১০টার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্য লেমুয়া এলাকায় নিজ বাড়িতে সুজনকে গণপিটুনি দেয় বিক্ষুব্ধরা। পাথরঘাটা থানার উপপরিদর্শক অশিত কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আবুল বাশার সুজন উপজেলার রায়হানপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্য লেমুয়া এলাকার মৃত বজলুর রহমানের ছেলে।

স্থানীয় বাসিন্দা মো. সগীর হোসেন জানান, বৃহস্পতিবার রাতে আবুল বাশার সুজন একই এলাকার মন্টু মিয়ার ছেলে কালু মিয়াকে (২০) মুঠোফোন-সংক্রান্ত বিষয় নিয়ে মারধর করেন। খবর পেয়ে কালুর বড় ভাই রিয়াজ ঘটনাস্থলে গেলে তার ওপরও সুজন হামলা চালায়। এ সময় রিয়াজকে কুপিয়ে জখম করেন সুজন। এতে তার একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে রিয়াজ বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি আরো জানান, গতকাল সকাল ১০টার দিকে এলাকাবাসী সুজনের বাড়িতে গিয়ে গণপিটুনি দেয়। একপর্যায়ে তার চোখ উপড়ে ফেলে এবং তার ঘরবাড়ি ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। বেলা ২টার দিকে হাত-পা বাঁধা অবস্থায় সুজনকে উদ্ধার করে পাথরঘাটা থানা পুলিশ। পরে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন।

পাথরঘাটা থানার উপপরিদর্শক অশিত কুমার জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও