যাত্রী কল্যাণের প্রতিবেদন

২০২১ সালে দৈনিক সড়কে ঝরেছে ২১ প্রাণ

২০২১ সালে সড়ক পথের পাশাপাশি রেলপথে ৪০২টি দুর্ঘটনায় ৩৯৬ জন নিহত, আহত ১৩৪ জন। নৌ-পথে ১৮২টি দুর্ঘটনায় ৩১১জন নিহত, আহত ৫৭৮ জন এবং ৫৪৪ জন নিখোঁজ হয়েছেন।

নভেল করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে গত বছর দেশে ৮৫ দিন গণপরিবহন বন্ধ থাকার পরেও সড়কে মৃত্যুর সংখ্যা বেড়েছে। একই সঙ্গে ২০২০ সালের তুলনায় বেড়েছে দুর্ঘটনা সংখ্যাও। পরিসংখ্যান বলছে, গতবছর সড়কে দৈনিক ২১ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

আজ রোববার বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ তথ্য জানান। এ সময় তিনি বার্ষিক সড়ক দুর্ঘটনা প্রতিবেদন-২০২১ প্রকাশ করেন।

মো. মোজাম্মেল হক চৌধুরী জানান,২০২১ সালে ৫ হাজার ৬২৯টি সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৮০৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯ হাজার ৩৯ জন। এর আগের বছর ৪ হাজার ৮৯১টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৬ হাজার ৬৮৬ জন। আর আহত হয়েছেন ৮ হাজার ৬০০ জন।

প্রতিবেদন তুলে ধরে তিনি জানান, ২০২১ সালে সড়ক পথের পাশাপাশি রেলপথে ৪০২টি দুর্ঘটনায় ৩৯৬ জন নিহত, আহত ১৩৪ জন। নৌ-পথে ১৮২টি দুর্ঘটনায় ৩১১জন নিহত, আহত ৫৭৮ জন এবং ৫৪৪ জন নিখোঁজ হয়েছেন। সড়ক, রেল, নৌ-পথে মোট ৬ হাজার ২১৩টি দুর্ঘটনায় ৮ হাজার ৫১৬ জন নিহত ও ৯ হাজার ৭৫১ জন আহত হয়েছেন।

এ সময় বেপরোয়া গতি, বিপদজনক অভারটেকিং, রাস্তাঘাটে ত্রুটি, ফিটনেসবিহীন যানবাহন, যাত্রী ও পথচারীদের অসতর্কতা, চালকের অদক্ষতাসহ সড়ক দুর্ঘটনার পেছনে বেশ কিছু কারণ তুলে ধরেন তিনি। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল হক, মানবাধিকার কর্মী নুর খান লিটন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. হাদিউজ্জামান প্রমুখ।

আরও