জাতিসংঘে রাশিয়ার সমর্থন চাইল ঢাকা, বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চায় মস্কো

বৈঠকের শুরুতে খলিলুর রহমানকে স্বাগত জানিয়ে সের্গেই ল্যাভরভ বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনে রাশিয়া প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি আগের চেয়ে বেশি জটিল ও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে, যা কার্যকর কূটনৈতিক দক্ষতার দাবি রাখে।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালনে রাশিয়ার সহযোগিতা চেয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মস্কো সফরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে এ সহায়তার কথা উল্লেখ করেন তিনি। অন্যদিকে রাশিয়া দুদেশের কূটনৈতিক সম্পর্কের ৫৫ বছর পূর্তিকে সামনে রেখে বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি, সামরিক ও সামরিক-প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেছে।

সোমবার মস্কোয় দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে এসব বিষয় উঠে আসে। বৈঠক নিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিডিও থেকে এসব তথ্য জানা গেছে।

বৈঠকের শুরুতে খলিলুর রহমানকে স্বাগত জানিয়ে সের্গেই ল্যাভরভ বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনে রাশিয়া প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি আগের চেয়ে বেশি জটিল ও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে, যা কার্যকর কূটনৈতিক দক্ষতার দাবি রাখে।

ল্যাভরভ আরো বলেন, দুদেশের সম্পর্কের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। আগামী জানুয়ারিতে কূটনৈতিক সম্পর্কের ৫৫ বছর পূর্তি উদযাপন করা হবে। এ উপলক্ষে বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি, সামরিক ও সামরিক-প্রযুক্তিগত খাতে সহযোগিতা আরো জোরদারের লক্ষ্য নিয়ে আলোচনা হবে।

জবাবে ড. খলিলুর রহমান বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর এটি তার প্রথম দ্বিপক্ষীয় সফর। এ নির্বাচনে সমর্থন দেওয়ার জন্য তিনি রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, বিশ্ব বর্তমানে অত্যন্ত জটিল বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে শান্তি, উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরো বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রেই হোক কিংবা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রেই হোক, আমি আপনাদের সহযোগিতার ওপর নির্ভর করব।

বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা রুশ নেতৃত্বের কাছে পৌঁছে দেন খলিলুর রহমান। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের সমর্থন এবং স্বাধীনতার পর চট্টগ্রাম বন্দর মাইনমুক্ত করতে রুশ নৌবাহিনীর অবদানের কথাও স্মরণ করেন।

এর আগে ৭ জুন রাতে ঢাকায় রুশ দূতাবাস রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এক বিবৃতিতে জানায়, ৭ থেকে ৯ জুন পর্যন্ত সরকারি সফরে মস্কো অবস্থান করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের আমন্ত্রণে অনুষ্ঠিত এ সফর খলিলুর রহমানের বর্তমান দায়িত্বে রাশিয়ায় প্রথম সফর।

বিবৃতিতে বলা হয়, ৮ জুনের বৈঠকে রাশিয়া-বাংলাদেশ সহযোগিতার বর্তমান অবস্থা ও সম্ভাবনা, আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যু এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের উপায় নিয়ে আলোচনা হবে। সফরসূচিতে রুশ ফেডারেশনের ফেডারেশন কাউন্সিলের নেতৃত্বের সঙ্গে বৈঠকও অন্তর্ভুক্ত রয়েছে।

আরও