দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দুই মাসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালুর উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে আনুষ্ঠানিক নির্দেশনা দেয়ার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে।
আজ বুধবার (২৫ মার্চ) ইউজিসি কার্যালয়ে চেয়ারম্যান ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী শিক্ষা খাতে ডিজিটাল সুবিধা বাড়ানো এবং শিক্ষার্থীদের গবেষণায় সহায়তা দেয়ার অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে।
সভায় সিদ্ধান্ত হয়, আগামী ৬০ কার্যদিবসের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, কমনরুম ও ক্যাফেটেরিয়ায় ফ্রি ওয়াই-ফাই চালু করতে হবে। এ কাজে সহযোগিতা দেবে বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক।
পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসহ অন্যান্য শিক্ষা ও গবেষণা স্থাপনাতেও এ সুবিধা বাড়ানো হবে বলে জানানো হয়।
সভায় চেয়ারম্যান দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী-বান্ধব ডিজিটাল অবকাঠামো গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সভায় ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, প্রফেসর ড. মাছুমা হাবিব এবং প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম, তথ্যপ্রযুক্তি বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ, হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান এবং বিডিরেনের প্রধান নির্বাহী মোহাম্মদ তৌরিতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।