ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের

মঙ্গলবার (২৪ জুন) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী ধানাধীন খোসবাজার খলিসাকুড়ি পোস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে যাত্রীবাহী একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আশরাফুল ইসলাম (৫০) ও তার মেয়ে রাহাতুলের (১৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী ধানাধীন খোসবাজার খলিসাকুড়ি পোস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত আশরাফুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের খলিসাকুড়ি গ্রামের বাসিন্দা। তার মেয়ে রাহাতুল খোসবাজার ফাজিল মাদরাসার নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

দুর্ঘটনার বিষয়টি ভূল্লী থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেয়ে রাহাতুলকে নিয়ে নিজের চালানো সিএনজিতে করে মাদরাসায় অর্ধবার্ষিকী পরীক্ষা দিতে যাচ্ছিলেন আশরাফুল। পথে খলিসাকুড়ি পোস্ট অফিস এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি ভিআইপি বাস সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা-মেয়ের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন। তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছে ভূল্লী থানা পুলিশ।

আরও