গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে ধরা পড়েছে প্রায় ৯০ কেজি ওজনের এক বিশাল বাঘাইড় মাছ। বিরল এ মাছটি শেষ পর্যন্ত ১ লাখ টাকায় বিক্রি হয়েছে। আজ শুক্রবার ভোরে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি এলাকায় মাছটি ধরা পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দেয়।
ভোরে এত বড় মাছ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়তেই আশপাশের মানুষ নদীর তীরে ভিড় করেন। ডাঙায় তোলার পর মাছটির বড় আকার দেখে অনেকে ছবি তুলতে শুরু করেন। স্থানীয়দের মতে, এত বড় বাঘাইর খুব কমই দেখা যায়।
জেলে মোস্তাফা মাছটি বাজারে নিয়ে গেলে সেখানে আবারো ভিড় তৈরি হয়। পরে মৎস্য ব্যবসায়ী সবুজ মিয়া ১ লাখ টাকায় মাছটি কিনে নেন। তিনি মাছটি পুরাতন বাজারে নিয়ে কেজি দরে বিক্রির ব্যবস্থা করেন।
প্রতি কেজি ১১০০ টাকা নির্ধারণ করা হলেও ক্রেতাদের আগ্রহ কমেনি। অল্প সময়ের মধ্যেই পুরো মাছ বিক্রি হয়ে যায়। অনেকেই লাইনে দাঁড়িয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী মাছ কিনে নেন।
একজন ক্রেতা জানান, এত বড় মাছ একসঙ্গে কেনা সম্ভব না হলেও ভাগ করে কেনার সুযোগ পেয়ে তিনি খুশি। তার মতো আরো অনেকে ছোট অংশ কিনে মাছটির স্বাদ নেয়ার সুযোগ নেন।
দীর্ঘদিন পর এমন বড় মাছ পেয়ে জেলেরা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের আশা, নদীতে এখনো বড় মাছ আছে, যা ভবিষ্যতে তাদের জীবিকায় নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।