ফাল্গুনের বজ্রপাতে নওগাঁয় দুই কৃষকের প্রাণহানি

ফাল্গুনের শেষ দিকে নওগাঁয় পৃথক দুটি বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে দুই কৃষকের প্রাণহানি হয়েছে।

গতকাল সকালে ধামইরহাট উপজেলার ইসবপুর ও মান্দা উপজেলার চকরামপুর গ্রামে এ দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন ধামইরহাট উপজেলার ইসবপুর গ্রামের বাসিন্দা মোখলেছুর রহমান (৩৮) ও মান্দা উপজেলার চকরামপুর মধ্যপাড়া গ্রামের পিন্টু হোসেন (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে খেত থেকে শসা সংগ্রহ করছিলেন কৃষক মোখলেছুর রহমান। এ সময় হঠাৎ বজ্রাঘাতের শিকার হন তিনি। পরে তার মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

ধামইরহাট থানার ওসি মো. মোখলেছুর রহমান জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

অন্যদিকে মান্দা উপজেলার চকরামপুর মধ্যপাড়া গ্রামে বাড়ির পাশে ধানের জমিতে কাজ করছিলেন পিন্টু হোসেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। আহত হন তার সঙ্গে থাকা আরো একজন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।

মান্দা থানার পরিদর্শক মাসুদ রানা জানান, নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের মাধ্যমে সরকারিভাবে আর্থিক সহায়তা দেয়া হবে।

বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ এশিয়ায় বজ্রপাতপ্রবণ দেশগুলোর মধ্যে বাংলাদেশও রয়েছে। বাংলাদেশের একদিকে বঙ্গোপসাগর, এর পরই ভারত মহাসাগর। সেখান থেকে গরম আর আর্দ্র বাতাস আসছে। আবার উত্তরে রয়েছে পাহাড়ি এলাকা, কিছু দূরেই হিমালয় রয়েছে, যেখান থেকে ঠাণ্ডা বাতাস ঢুকছে। এই দুইটা বাতাসের সংমিশ্রণ বজ্রপাতের জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে। প্রাকৃতিক এ দুর্যোগ সাধারণত এপ্রিল-জুনে বেশি হয়।

আরও