ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে ভোট চাচ্ছে একটি রাজনৈতিক দল: এ্যানি

এ্যানি বলেন, কোনোভাবেই একটি রাজনৈতিক দল ইসলামকে পুঁজি করে রাজনীতি করতে পারে না। এভাবে বেহেশতের গ্যারান্টি দিয়ে ভোট চাওয়ার কতটুকু যৌক্তিকতা রয়েছে, প্রশ্ন তোলেন তিনি।

ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে একটি রাজনৈতিক দল মানুষের কাছে ভোট চাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের জামীরতলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির একটি উঠান বৈঠকে তিনি এ অভিযোগ করেন।

এ সময় এ্যানি বলেন, কোনোভাবেই একটি রাজনৈতিক দল ইসলামকে পুঁজি করে রাজনীতি করতে পারে না। এভাবে বেহেশতের গ্যারান্টি দিয়ে ভোট চাওয়ার কতটুকু যৌক্তিকতা রয়েছে, প্রশ্ন তোলেন তিনি।

তিনি বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য পাঁচ উক্ত নামাজ পড়ার জন্য সহি শুদ্ধ সূরা-কারাত পড়লে এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ জীবনীগ্রন্থ অনুসরণ করলেই যথেষ্ট।

মাদক কারবারিদের বিষয়ে তিনি বলেন, সুন্দর সমাজ গড়তে হলে এখনই মাদক দূর করতে হবে। আপনারা যারা গ্রামগঞ্জে মাদক ব্যবসা করেন, দ্রুত এগুলো ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। নয়তো আমরা তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করব।

বিএনপির আয়োজিত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির সদস্য হাফিজ উল্লাহ, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক এম.এ ইউসুফ ভূঁইয়া, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক সুমী ভূঁইয়া, জেলা সেচ্ছাসেবকদলের সহসভাপতি বদরুল আলম শ্যামল, চন্দ্রগঞ্জ থানা যুবদলের সদস্য সচিব আব্দুল মুকিত সোহেল, যুগ্ম-আহবায়ক আবদুল খালেক, চন্দ্রগঞ্জ থানা ছাত্রদলের সদস্যা সচিব মো. জাহাঙ্গীর আলমসহ প্রমুখ।

আরও