ফেনী সীমান্তে পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, চকলেট এবং একটি মিনি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্য ও যানবাহনের আনুমানিক বাজারমূল্য ৬৮ লাখ ২৫ হাজার ৯৫০ টাকা।
আজ সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ফেনী ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল জেলার ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালায়।
বিজিবি জানিয়েছে, সীমান্ত পেরিয়ে আনা ভারতীয় শাড়ি ও চকলেটের একটি বড় চালান দেশের ভেতরে পাচারের উদ্দেশ্যে জমা করা হয়েছিল। পরে তাদের বিশেষ টহল দল অভিযান চালিয়ে চোরাচালানের এসব পণ্য এবং পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করে।
জব্দ করা মালামাল পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য স্থানীয় শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।
বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকসহ অন্যান্য চোরাচালান ঠেকাতে গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।