খুলনা জেলা কারাগার-২ (পুরাতন জেলা কারাগার) থেকে দেয়াল টপকে পালিয়েছেন এক হাজতি। আজ বৃহস্পতিবার বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে তিনি আইনজীবী সমিতি-সংলগ্ন পুরাতন জেলা কারাগারের পূর্ব পাশের দেয়াল টপকে আইনজীবী সমিতির দিক দিয়ে পালিয়ে যান। ঘটনাটি কারাগারের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে।
পলাতক হাজতির নাম ইমন মাঝি (৩২)। তিনি লবণচরা থানা এলাকার সাচিবুনিয়া সেকেলার বটতলা জিয়ার বাড়ির ভাড়াটিয়া আবদুল মাঝির ছেলে। কারাগার সূত্র জানায়, ইমন মাঝি নগরের সোনাডাঙা থানার একটি চুরি মামলার আসামি। চলতি বছরের ১৩ জুন থেকে তিনি জেলা কারাগারে হাজতি হিসেবে আটক ছিলেন।
ঘটনার পর কারাগারে জরুরি সতর্কসংকেত হিসেবে পাগলা ঘণ্টা বাজানো হয় এবং নিরাপত্তা জোরদার করা হয়। পরে কারাগার কর্তৃপক্ষ, খুলনা সদর থানা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী পলাতক হাজতিকে গ্রেফতারে অভিযান শুরু করে।
খুলনা জেলা কারাগারের জেল সুপার মো. আবু ছায়েম বলেন, একজন হাজতির পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সিসিটিভি ফুটেজ দেখে তাকে দ্রুত গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চাওয়া হয়েছে। কারাগারের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে।
তিনি আরো বলেন, কোনো ধরনের বাহ্যিক সহযোগিতা ছাড়াই হাজতি দেয়াল টপকে পালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কারো গাফিলতি ছিল কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।