ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সাবেক আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তমকে গ্রেফতার করেছে পুলিশ। কাঁঠালিয়ার বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করা হয়।
দীর্ঘ দিন বিএনপির রাজনীতি করে হঠাৎ ভোল পাল্টে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বাগিয়ে এনে এমপি হয়েছিলেন ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তম।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, কাঁঠালিয়া থানার একটি মামলায় শাহজাহান ওমরকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
এর আগে গতকাল বুধবার (২০ নভেম্বর) রাতে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর বাদী হয়ে শাহজাহান ওমরসহ ৯জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।
রাজাপুরের বাড়িতে হামলা ও ভাঙচুরের খবর পেয়ে শাহজাহান ওমর গাড়িতে করে বৃহস্পতিবার সকালে বরিশাল থেকে রাজাপুরে যাওয়ার পথে পিংড়ি এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন। হামলাকারীরা তার ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করে। পরে ভাঙা গাড়ি নিয়ে তিনি রাজাপুর থানায় অভিযোগ করতে গেলে বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে। দুপুরে তাকে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক আফরোজা শহিদ কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতরাতে (বুধবার রাত ৭ টার দিকে) উপজেলা সদরের গোডাউনঘাট এলাকায় শাহজাহান ওমরের বাসভবন মেহজাবিনে হামলা ও ভাঙচুর করে দুর্বৃত্তরা। এতে বাসভবনের তিনটি গ্লাস ভেঙে যায়।
এ খবর শুনে বৃহস্পতিবার সকালে বরিশালের বাসা থেকে শাহজাহান ওমর তার গাড়ি নিয়ে রাজাপুরের বাসার উদ্দেশে রওয়ানা দেন। বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের পিংড়ি এলাকায় গেলে তার গাড়িতে হামলা ও ভাঙচুর করে দুর্বৃত্তরা। এসময় শাহজাহান ওমর গাড়ি থেকে বের হয়ে রাজাপুর থানায় অভিযোগ করতে যান। পুলিশ থানার প্রধান ফটক আটকে দিয়ে শাহজাহান ওমরকে ভেতরে বসিয়ে রাখে। পরে তাকে গ্রেফতার করা হয়।
জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, শাহজাহান ওমর বিএনপি ও সাধারণ মানুষের সঙ্গে বেইমানি করেছে। আমরা তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি।