গাইবান্ধার সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরিণ সিংহা গ্রামে পুকুরে গোসল করতে গিয়ে লাম (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মৃত লাম এসকেএস স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। তার বাবা ছালাম এসকেএস ফাউন্ডেশনে কর্মরত রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে স্কুল থেকে ফিরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় লাম। এ সময় সে হঠাৎ পুকুরে ঝাঁপিয়ে পড়ে এবং পরে আর ওপরে উঠে না। পুকুরে থাকা অন্যান্য শিশুরা বিষয়টি বুঝতে পেরে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু লামকে না পেয়ে দ্রুত অভিভাবকদের খবর দেয়।
পরে স্থানীয়রা প্রায় ১৫ মিনিট ধরে খোঁজাখুঁজির পর পুকুরের পানির নিচ থেকে লামের নিথর দেহ উদ্ধার করে। স্থানীয়ভাবে চিকিৎসকের পরামর্শ নেয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য মিজানুর রহমান লামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।