রংপুরে যাত্রীবাহী বাসের চাপায় ফাতেমা বেগম (৬০) নামে এক অটোভ্যান যাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলা সদরের ওভারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাতেমা পীরগঞ্জ উপজেলার গঙ্গারামপুরের আব্দুল বারীর স্ত্রী। এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে বড়দরগা হাইওয়ে থানার ওসি ওমর ফারুক জানান, বুধবার সকালে ঢাকাগামী সার্ভিস লেন থেকে অটোভ্যানে পীরগঞ্জের দিকে যাচ্ছিলেন ফাতেমা বেগম। ওভারপাসের নিচ দিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস অটোভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ফাতেমা। এ সময় ভ্যানে থাকা আরো দুজন আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
ওসি আরো বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটিকে শনাক্ত করা যায়নি, তবে চেষ্টা অব্যহত রয়েছে।