চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশী কোম্পানির হাতে ছেড়ে দেয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিট আবেদনের রায় আগামী ৪ ডিসেম্বর ঘোষণা করা হবে। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি-সম্পর্কিত প্রক্রিয়া প্রশ্নে রুলের ওপর শুনানি শেষে গতকাল বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের এ দিন ধার্য করেন।
নিউমুরিং টার্মিনাল নির্মিত হয় ২০০৭ সালে, মোট ২ হাজার ৭১২ কোটি টাকা বিনিয়োগে। চট্টগ্রাম বন্দরের আমদানি-রফতানি কনটেইনারের বেশির ভাগ এ টার্মিনাল দিয়ে পরিবহন হয়। টার্মিনালটি পরিচালনায় ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) কর্তৃপক্ষের সমঝোতা স্মারক হয়েছিল। বিদেশী কোম্পানিটির সঙ্গে এখন চুক্তির প্রক্রিয়া এগিয়ে নিতে চাইছে বন্দর কর্তৃপক্ষ।
এর মধ্যেই চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদনটি করেন বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন। রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত ৩০ জুলাই রুল দেন হাইকোর্ট। এর ধারাবাহিকতায় এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চুক্তি-সম্পর্কিত প্রক্রিয়ায় স্থিতাবস্থা চেয়ে সম্পূরক আবেদন দাখিল করে রিট আবেদনকারী পক্ষ। এ আবেদনের শুনানিতে ১৩ নভেম্বর হাইকোর্ট রুল শুনানির জন্য ১৯ নভেম্বর দিন রাখেন। রুলের ওপর ১৯ ও ২০ নভেম্বর এবং গতকাল শুনানি হয়। আগামী ৪ ডিসেম্বর ওই রিট আবেদনের রায় ঘোষণার দিন ধার্য করেছেন উচ্চ আদালত।
রিট আবেদনের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এএম মাহবুব উদ্দিন খোকন, আহসানুল করিম ও কায়সার কামাল শুনানিতে অংশ নেন। সঙ্গে ছিলেন আইনজীবী মো. আনোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক শুনানি করেন।
নিউমুরিং কনটেইনার টার্মিনালটি পরিচালনা করছিল সাইফ পাওয়ারটেক। তাদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় গত ৬ জুলাই। এরপর নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাইডক লিমিটেড এটি পরিচালনার দায়িত্ব পায়।