প্রতারণার অভিযোগে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কসের স্বত্বাধিকারী মো. খায়রুল বাশার বাহারের মালিকানাধীন প্রায় ৪২ কোটি ৮৫ লাখ টাকার সম্পদ ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিআইডি।
এতে বলা হয়, শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষার প্রলোভন দেখিয়ে বাহার ও তার সহযোগীরা কোটি কোটি টাকা হাতিয়ে নিত। প্রাথমিক প্রমাণের ভিত্তিতে গত ৪ মে গুলশান থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়। পরে ১৪ জুলাই ধানমন্ডি থেকে বাহারকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।
তদন্তে বেরিয়ে এসেছে, প্রতারণার টাকায় তিনি প্রায় ১২২ শতাংশ জমি কিনেছেন, যার বাজারমূল্য ৪২ কোটি ৮৫ লাখ টাকা। আদালতের আদেশে ওই স্থাবর সম্পত্তি ক্রোক করা হয়েছে।
সিআইডি জানায়, নিজেকে শিক্ষাবিদ ও ব্যবসায়ী পরিচয় দিলেও খায়রুল বাশার বাহার আসলে সংঘবদ্ধ প্রতারক চক্রের সহায়তায় বিপুল সম্পদের মালিক হয়েছেন। তার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। দেশের বিভিন্ন স্থানে তার আরো সম্পদের খোঁজ করা হচ্ছে।