শরিফ ওসমান বিন হাদির হত্যা মামলার চার্জশিট আগামী বুধবার (৭ জানুয়ারি) আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৫ জানুয়ারি) উপদেষ্টা এ বিষয়ে বলেন, তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার চার্জশিট চলতি মাসের ৭ জানুয়ারি আদালতে দাখিল করা হবে। এ হত্যাকাণ্ডের ২৬ দিন পর মামলার চার্জশিট আদালতে দাখিল করা হচ্ছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সরকারের মেয়াদেই এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিহত করতে যথাযথ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্যও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।
এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম বলেন, তদন্ত প্রায় শেষের দিকে। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের মধ্যে ছয়জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে, মূল পরিকল্পনাকারী ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুন কবির, মা হাসি বেগম, স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু এবং বান্ধবী মারিয়া আক্তার লিমা। গ্রেফতারকৃত অন্যান্যরা হলেন, মো. কবির, নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল, সিবিয়ন ডিও, সঞ্জয় চিসিম, আমিনুল ইসলাম রাজু এবং আব্দুল হান্নান।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত ছিল এবং প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর শেখ পালিয়েছে। তদন্তকালে পুলিশ দুটি বিদেশী পিস্তল, ৫২ রাউন্ড গুলি, একটি মোটরসাইকেল, জাল নম্বর প্লেট এবং ৫৩টি ব্যাংক অ্যাকাউন্টে ২১৮ কোটি টাকার চেক উদ্ধার করেছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডে জড়িত বেশ কয়েকজনকে এরইমধ্যে শনাক্ত করা হয়েছে, যদিও তদন্তের স্বার্থে সবার নাম প্রকাশ করা যাচ্ছে না।