দালাল চক্রের জালিয়াতির কারণে বিদেশে শ্রমবাজারের ক্ষতি হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে (মিডিল ইস্ট) যাই, যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা হলো তোমাদের কাগজপত্র সব জাল, নকল, ভেজাল ভুয়া। শুধু ভুয়া কাগজের জন্য বাংলাদেশ সারা পৃথিবীতে বিখ্যাত হয়ে গেছে। জালিয়াতির জাতি হিসেবে আমরা পরিচিত হয়ে গেছি।
আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষে আজ (বুধবার) ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা।
ড. ইউনূস বলেন, বিদেশে যাওয়ার সঙ্গে একটা শব্দের খুব উল্লেখ হয় দালাল। এর থেকে বের হওয়ার কোনো উপায় নেই। কেউ আশা করে বসে আছে, ছেলেকে বা স্বামীকে বিদেশ পাঠাবে। টাকার দরকার, টাকা যোগাড় করেছে, কারও থেকে ধার করেছে, কিংবা ব্যাংক থেকে ধার করেছে, তারপর প্রতারণা। যা কিছু আমরা করছি উপরে উপরে করছি। এগুলো গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু ভেতরে ঢোকা যাচ্ছে না।এই দালাল কিভাবে মানুষকে ঠকায় তা গ্রামেগঞ্জে গেলে বোঝা যায়।
তিনি আরো বলেন, সমস্যা আরো কঠিন। আরো জটিল। এটা সমাধানের জন্য যে পরিমাণ প্রচেষ্টা দরকার এখনও আমরা সেটা করে উঠতে পারিনি। আমার সঙ্গে এই সমস্যার পরিচয় বিভিন্ন দিক থেকে এসেছে। সরকারে আসার অনেক আগে থেকে।
প্রধান উপদেষ্টা বলেন, পৃথিবীতে তারুণ্যের অভাব, আমরা তারুণ্যের খনি। এটা সোনার চেয়েও দামি। সারা পৃথিবীকে আমাদের কাছে আসতে হবেই, এতো তরুণ জনশক্তি আর কোথাও নেই।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রবাসীদের কল্যাণে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।