নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিলা উত্তরপাড়ায় অগ্নিকাণ্ডে অন্তত ৩০ বাড়ি পুড়ে গেছে। আজ রোববার ( ২৩ এপ্রিল) এ ঘটনা ঘটে। এসময় অগ্নিদগ্ধ হয়েছেন দুইজন। প্রায় দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে বাসিলা উত্তরপাড়ার খলিলের বাড়ির রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা অন্য বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতা বেড়ে যাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় স্থানীয়দের। পরে এক ঘণ্টা পর স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে নাটোর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, আত্রাই এবং বাগামারা এ চারটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় পুড়ে যায় অন্তত ৩০টি বাড়ি। আর অগ্নিদগ্ধ হয় আয়েশা খাতুন নামে এক গৃহবধূসহ দুজন। বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছে ক্ষতিগ্রস্ত পরিবাররা। খবর পেয়ে স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন। সাধ্যমত ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।
নাটোর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক একেএম মোরশেদ জানান, ৫টা ৪৫মিনিটে নাটোর ফায়ার সার্ভিস খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে। এ সময় মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বর্তমানে মোট ৩০টি বাড়ি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। প্রাথমিক ভাবে রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।