সুন্দরবনের খাল থেকে একটি মৃত বাঘ উদ্ধার করেছেন বনরক্ষীরা। সোমবার রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালীর খাল বাঘটি উদ্ধার করা হয়। পরে বাঘটিকে বন বিভাগের কচিখালী স্টেশন কার্যালয়ে রাখা হয়েছে।
বাঘটির ময়নাতদন্তের জন্য গতকাল সকালে প্রাণিসম্পদ বিভাগের একটি টিম সুন্দরবনে এসেছে বলে জানিয়েছেন খুলনার বন সংরক্ষক মিহির কুমার দে। তিনি বলেন, ‘বাঘটির মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। এজন্য প্রাণিসম্পদ বিভাগের সঙ্গে সমন্বয় করে একটি টিম পাঠানো হয়েছে।’
পরে বাঘটির দেহাবশেষ বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সুন্দরবনের করমজলে সংরক্ষণ করা হবে। সেখানে করমজল ইন্টারপ্রিটেশন অ্যান্ড ইনফরমেশন সেন্টারে দর্শনার্থীদের দেখার জন্য উন্মুক্ত থাকবে বাঘটির দেহ।’
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শেখ মাহবুব হাসান বলেন, ‘বাঘটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ধারণা করা হচ্ছে বাঘটি বার্ধক্যজনিত কারণে মারা গেছে। প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। এসব আলামত রাজধানীস্থ বন বিভাগের ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে। সেখানের রিপোর্টে বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’