কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা নতুনপাড়া এলাকায় প্রকাশ্যে গুলি করে রেফাজুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রায়টা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে লালন মণ্ডল (৪৬) নামে আরো একজন আহত হয়েছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহত রেফাজুল পেশায় একজন কৃষক।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাতে রেফাজুল ইসলাম ও লালন মণ্ডল স্থানীয় একটি দোকানে কেনাকাটা করছিলেন। এমন সময় কয়েকজন সশস্ত্র ব্যক্তি তাদের ওপর খুব কাছ থেকে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই রেফাজুল ইসলাম নিহত হন। গুরুতর আহত লালন মণ্ডলকে ভেড়ামারা হাসপাতাল থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল (২৫০ শয্যা) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নিহত রেফাজুল ইসলাম রায়টা নতুনপাড়ার মৃত জামাত মণ্ডলের ছেলে। আহত লালন মণ্ডল একই এলাকার কালু মাঝির ছেলে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ তালুকদার বলেন, ‘কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দোষীদের শনাক্তে পুলিশ কাজ করছে।‘
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে স্থানীয়রা জানান।