চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে দুই জন নিহত ও তিন জন আহতের ঘটনায় মামলা করা হয়েছে। শনিবার রাতে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন। এতে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৮-১০ জনকে আসামি করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নতুন করে আরো দুজনকে সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকা থেকে রাত দেড়টার সময় গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন চর বাগডাঙ্গা ফাটাপাড়া গ্রামের চান মোহাম্মদের ছেলে মো. ইউসুফ (৪৫) ও গোঠাপাড়া গ্রামের মো. ফজর আলীর ছেলে মো. শাকিল (৩৭)। এর আগে বিস্ফোরণে আহত তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছিল।
গত শনিবার ভোরে চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ার একটি বাড়িতে বোমা তৈরির সময় আকস্মিক বিস্ফোরণ ঘটে। এতে জিহাদ আলী ও আল আমিন নামে দুই যুবক নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন বজলুর রহমান, শুভ ও মিনহাজ আলী। তারা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি নজরদারিতে চিকিৎসাধীন রয়েছেন।
আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।