বর্তমানে প্রায় ৫৬ হাজার কোটি টাকার দেনা নিয়ে বিদ্যুৎ মন্ত্রণালয় পরিচালনা করতে হচ্ছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে গতকাল শিক্ষা খাতের গুণগত মান উন্নয়নে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘৫৬ হাজার কোটি টাকা দেনা নিয়ে আমি বিদ্যুৎ মন্ত্রণালয় চালাই। দেশী-বিদেশী পাওনাদাররা প্রতিনিয়ত ফোন করে। আদানিও বিলের জন্য ফোন করে। আমাদের সেই বিলের জোগান দিতে হয়। অনেক চাপের মধ্য দিয়ে কাজ করতে হচ্ছে।’
শিক্ষায় গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, ‘একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হলো শিক্ষা। শিক্ষিত জাতি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। একটি জাতি ওপরে উঠতে পারে, যদি সে জাতির শিক্ষার মান ভালো থাকে। আমরা এবার সরকারে এসে মনস্থির করেছি, আমাদের বাজেটের, জিডিপির প্রায় ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করব।’
শিক্ষার মানোন্নয়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘প্রযুক্তিনির্ভর ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করা প্রয়োজন। এর পাশাপাশি শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং নৈতিক শিক্ষার ওপরও গুরুত্ব দেয়া হচ্ছে।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সময়ে চালু হওয়া ‘ফুড ফর এডুকেশন’ কর্মসূচির প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া শিক্ষার্থীদের ড্রপ আউট বন্ধে ফুড ফর এডুকেশন চালু করেছিলেন। এর সুফলও পাওয়া গিয়েছিল। দরিদ্র পরিবারের অনেক শিশু সে কর্মসূচির মাধ্যমে স্কুলে ফিরে এসেছিল।’