বছরের অন্য সময়ের তুলনায় বর্ষাকালে ঢাকার বাতাসের মানে কিছুটা উন্নতি ঘটে। গত দুদিনের বৃষ্টির কারণে এ শহরের বাতাসের মানে উন্নতি দেখা যাচ্ছিল। সেই ধারাবাহিকতায় গত রাতের বৃষ্টির পর আজ সাপ্তাহিক ছুটির দিনে ঢাকার বাতাস হয়ে উঠেছে ‘ভালো’।
শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টার দিকে ঢাকার বাতাসের একিইআই স্কোর ছিল ৪৪। এই স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ বলে গণ্য করা হয়। গতকাল এই সময়ে শহরটির একিউআই স্কোর ছিল ৫৫। তার আগের দিন (বুধবার) একই সময়ে ৬১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার ৪০তম স্থানে ছিল ঢাকা।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। তাদের সূচক বলছে, এদিন সকালে দূষিত বায়ুর শহরগুলোর তালিকার শীর্ষে অবস্থান করছে উগান্ডার কাম্পালা, একিউআই স্কোর ১৭২। এরপর ১৭০ ও ১৬২ স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জার্কাতা ও মালয়েশিয়ার কুচিং শহর।
আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।