খুলনায় মির্জা ফখরুল

তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন দিলে আওয়ামী লীগের চিহ্ন থাকবে না

মামলা দিয়ে, হামলা করে বিএনপিকে দমানো যাবে না উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, সরকার বলছে দুর্ভিক্ষের পদধ্বনির কথা। কারণ তারা লুটপাট করছে।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিলে আওয়ামী লীগের কোনো চিহ্ন থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের উদ্দেশে তিনি বলেন, এখনও সময় আছে নিরাপদে সরে যান, না হয় পালানোর পথ খুঁজে পাবেন না। 

আজ শনিবার খুলনায় বিএনপির গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, দেশকে নরকে পরিণত করেছে সরকার। সব অর্জন ধ্বংস করে ফেলেছে। অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করতে এসব করছে সরকার। একবার ভোট ছাড়া নির্বাচন, তো আরেকবার নিশি রাতে ভোট। ২০২৩ সালে নির্বাচনও একইভাবে করার পাঁয়তারা চলছে।

তত্ত্বাবধায়ক সরকারে নির্বাচন দিলে আওয়ামী লীগের চিহ্ন থাকবে না উল্লেখ করে তিনি বলেন, দেখা যাবে আওয়ামী লীগ ১০টার বেশি আসন পাবে না। গণঅভ্যুত্থানে এ সরকারকে বিদায় জানাতে হবে। আমরা দেশকে গণতন্ত্রের পথে ফেরাতে চাই। ফয়সালা হবে রাজপথে। 

বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হতে দেয়া হবে না উল্লেখ করে  মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক ছাড়া কোনো নির্বাচন নয়। তাই এ সরকারকে বিদায় জানাতেই  হবে।

মামলা দিয়ে, হামলা করে বিএনপিকে দমানো যাবে না উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, সরকার বলছে দুর্ভিক্ষের পদধ্বনির কথা। কারণ তারা লুটপাট করছে। কিন্তু এখন বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। নতুন সাহস নিয়ে আন্দোলন করছে বিএনপি। বিএনপি নতুন সাহসে বলীয়ান, আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের সামনে আন্দোলন ছাড়া বিকল্প নেই। এই সরকারকে পরাজিত করে নতুন সরকার প্রতিষ্ঠা করতে হবে। সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের বয়স হয়েছে তারপরও লড়াই করছি। মূল দায়িত্ব তরুণদের উপরে, লড়াইয়ে জিততে হবে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করছি, সহিসংসতা করছি না। আমাদের উপর হামলা করে পার পাবেন না। বিদেশিরা বুঝে গেছে, আপনারা সন্ত্রাসের দল। হামলা করে ক্ষমতায় টিকে আছেন। 

আরও