সিলেট ও সুনামগঞ্জে চার আসনের সীমানা বদল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটে দুটি ও সুনামগঞ্জে দুটি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটে দুটি ও সুনামগঞ্জে দুটি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করা হয়েছে। সীমানা পুনর্নির্ধারণের প্রাথমিক খসড়ায় ৩০০ আসনের মধ্যে ২৯৩টি আসন রাখা হয়েছে অপরিবর্তিত। বদল আনা হয়েছে ময়মনসিংহ-৪, মাদারীপুর-৩, সুনামগঞ্জ-১, সিলেট-১, সিলেট-৩ ও কক্সবাজার-৩ আসনে।

সিলেট-১: সদর উপজেলার একটি সম্পূর্ণ ইউনিয়ন পরিষদ ও তিনটি আংশিক ইউপি সিলেট সিটির অন্তর্ভুক্ত হয়েছে। এত দিন সিলেট-১ আসনটি ছিল সিটি করপোরেশনভুক্ত এলাকা ও সদর উপজেলা নিয়ে। এখন সিলেট সদরের সঙ্গে ১-২৭ ও ৩১-৩৯ নম্বর ওয়ার্ড নিয়ে হবে এ সংসদীয় আসনটি।

সিলেট-৩: দক্ষিণ সুরমার দুটি ইউপি সম্পূর্ণ ও একটির আংশিক সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করা হয়েছে। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে এখন আসনটি রয়েছে। প্রস্তাবিত সীমানায় সিটি ওয়ার্ড ২৮-৩০ ও ৪০-৪২ এবং দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা থাকবে।

সুনামগঞ্জ-১: ধর্মপাশা উপজেলার চারটি ইউপি নিয়ে ‘মধ্যনগর’ নামে নতুন উপজেলা হওয়ায় এ আসনে পরিবর্তন আসছে। ধর্মপাশা, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলা নিয়ে এ আসনটি বিদ্যমান। নতুন করে মধ্যনগর নামটি যুক্ত হবে এ আসনে।

সুনামগঞ্জ-৩: এ আসনের বর্তমান সীমানা হচ্ছে জগন্নাথপুর উপজেলা ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা। দক্ষিণ সুনামগঞ্জ নাম পরিবর্তন হয়ে এখন শান্তিগঞ্জ। সেক্ষেত্রে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ নিয়ে একই সীমানা থাকলেও পরিবর্তন দেখানো হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে সংসদ নির্বাচন করবে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য জুনের মধ্যেই সীমানা পুনর্নির্ধারণের কাজ সম্পন্ন করার প্রক্রিয়া এরই মধ্যে হাতে নিয়েছে। তবে ইসি সাতটি আসনে পরিবর্তনের প্রস্তাব করলেও আদতে এলাকার কোনো পরিবর্তন নেই। এক্ষেত্রে দাবি-আপত্তি পেয়ে শুনানিতে কোনো আসনের সীমানায় পরিবর্তন হলেই কেবল নতুন সীমানায় ভোট হবে কোনো কোনো আসনে। নয়তো আগের সীমানাতেই অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

আরও