কক্সবাজারের কুতুপালংয়ে জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র দুই সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে র্যাব। আজ সোমবার (২৩ জানুয়ারি) ভোরে গোলাগুলির পর কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৭ নং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সংগঠনের শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশার।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী জানান, ‘জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শীর্ষ নেতারা কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অবস্থান করছেন এমন তথ্য পেয়ে সেখানে অভিযানে যায় র্যাব। ভোরে র্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা গুলি ছুঁড়ে। এসময় র্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। এক পর্যায়ে রোহিঙ্গা ক্যাম্পের আস্তানা থেকে নব্য জঙ্গি সংগঠন 'জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্কিয়া'র শীর্ষ নেতা, শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে দেশি ও বিদেশি অস্ত্র ও গোলা-বারুদসহ গ্রেফতার করেছে র্যাব।
এ ঘটনায় পরে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় প্রেস ব্রিফিং করার কথা জানিয়েছেন র্যাব।