ড. ইউনূস-গর্ডন ব্রাউন ফোনালাপ

অর্থনৈতিক পুনরুদ্ধার ও রোহিঙ্গা শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে গুরুত্বারোপ

ফোনালাপে বাংলাদেশের চলমান অর্থনৈতিক পুনরুদ্ধার প্রচেষ্টা ও রোহিঙ্গা শরণার্থী শিশুদের জন্য শিক্ষার সুযোগ বাড়ানোর জরুরি প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করা হয়।

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

আজ শুক্রবার (১৩ জুন) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তথ্যটি জানানো হয়েছে।

ফোনালাপে বাংলাদেশের চলমান অর্থনৈতিক পুনরুদ্ধার প্রচেষ্টা ও রোহিঙ্গা উদ্বাস্তু শিশুদের জন্য শিক্ষার সুযোগ বাড়ানোর জরুরি প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করা হয়।

বর্তমানে জাতিসংঘের গ্লোবাল এডুকেশনের বিশেষ দূতের দায়িত্ব পালনকারী গর্ডন ব্রাউন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের নেতৃত্ব প্রদান করায় ড. ইউনূসের প্রশংসা করেন।

তিনি অর্থনৈতিক স্থিতিশীলতা এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি বাড়ানোর লক্ষ্যে ইউনূসের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

উভয় নেতা বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গা উদ্বাস্তু ক্যাম্পে বসবাসকারী শিশুদের শিক্ষাক্ষেত্রে বিদ্যমান দুরবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

পাঁচ লাখেরও বেশি শিশুর আনুষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত অবস্থার প্রেক্ষিতে তারা উভয়েই ‘একটি হারিয়ে যাওয়া প্রজন্ম’ ঠেকাতে শেখার সুযোগ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেন।

ড. ইউনূস বলেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে যে রোহিঙ্গা শিশুরা আশাবাদ ও একটি উন্নত ভবিষ্যৎ গড়ার সক্ষমতা নিয়ে বেড়ে উঠতে পারে।’ রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সহায়তা জোগাতে তিনি সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

গর্ডন ব্রাউন রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে শিক্ষা কর্মসূচি সম্প্রসারণে বাংলাদেশের সঙ্গে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন এবং এ লক্ষ্যে তার বৈশ্বিক শিক্ষা প্রচারের অভিজ্ঞতা কাজে লাগাতে চান।

তিনি আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ সফরের আগ্রহও প্রকাশ করেন, যাতে তিনি স্বচক্ষে পরিস্থিতি পর্যালোচনা করতে পারেন এবং সম্ভাব্য সহায়তার উপায়গুলো খুঁজে বের করতে পারেন।

আলোচনায় অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে পারস্পরিক আগ্রহের বিষয়টিও উঠে আসে বলে প্রেস উইং জানিয়েছে।

আরও