রংপুরের গংগাচড়া উপজেলার সলেয়াসার বাজারের কাছে মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৪ মে) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন,আমজাদ,সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর ও নাজমা।
পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে গংগাচড়া উপজেলার সলেয়াসার বাজারের কাছে একটি অটোরিকশাকে পেছন থেকে একটি মাইক্রোবাস চাপা দিলে ঘটনাস্থলেই তিন জন নিহত ও পাঁচ জন আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও দুই নারী মারা যান। পুলিশ মাইক্রোবাসটি আটক করেছে।
গঙ্গাচড়া থানার ওসি দুলাল হোসেন বণিক বার্তাকে জানান, তিনজন ঘটনাস্থলেই মারা গেছেন। আহত পাঁচ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি ঘটনাস্থলে রয়েছেন বলে জানিয়েছেন। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সামসুল ইসলাম জানান, হাসপাতালে আনার পথে আরো দুই নারী মারা গেছেন। আহত তিন জনকে ভর্তি করা হয়েছে।