আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটি বড় পরীক্ষা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, দেশের সবকিছুর ভিত্তি আইনশৃঙ্খলা। শুরুতে সমস্যা থাকলেও এখন ভালো অবস্থা। পুলিশ গুছিয়ে উঠে নিজেরা সংহত হতে পেরেছে। সামনে নির্বাচন, আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় টেস্ট (পরীক্ষা)।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, আগামী নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ থাকতে হবে। নির্বাচনে পরাজিত ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে। আমরা চাই, ভালো একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দিয়ে চলে যেতে।
বাংলাদেশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে আরো বেশি গুরুত্ব দেয়া দরকার উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, দুটো খাতে বেশি গুরুত্ব দেয়া দরকার, একটা শিক্ষা ও আরেকটা স্বাস্থ্য। বাইরের দেশে শিক্ষা ও স্বাস্থ্যে বেশি গুরুত্ব দেয়া হয়। কিন্তু আমরা পারছি না। তবে চেষ্টা করছি।
তিনি আরো বলেন, চিকিৎসক, নার্সের সমস্যা নিরসনের অংশ হিসেবে এ স্বল্প সময়ে সাড়ে ৩ হাজার নার্স ও ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হয়েছে। এ খাতে বাজেট বাড়ানো হয়েছে। আগামী বছর তা দেখা যাবে। আমরা কিছু প্রকল্প শুরু করেছি। আশা করছি, পরের সরকার তা ধরে রাখবে।
আলু রফতানি প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, এ নিয়ে সরকার ভাবছে। যদিও এটা সহজ নয়। কেননা পৃথিবীতে দু-একটা দেশ নিয়মিত আলু আমদানি করে। আর কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে কিছু দেশ আলু আমদানি করে থাকে, তাছাড়া করে না।
প্রবাসে দক্ষ মানবসম্পদের গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা বলেন, বিদেশে গেলে অবশ্যই দক্ষ হিসেবে যেতে হবে, না হলে বেতন কম। আমাদের দেশের মানুষ দক্ষ হয়ে বিদেশে যায় না। যার কারণে কম বেতন পায়। বিদেশে অসংখ্য নার্সের পদ খালি রয়েছে। নার্সের মাধ্যমে বিদেশে গেলে ভালো বেতন পাওয়া সম্ভব। দক্ষ জনশক্তি রফতানি করা গেলে দেশের জন্য ভালো। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট দফতরকে উদ্যোগ নেয়ার নির্দেশনা দেন।
রংপুর অঞ্চলে প্রাণিসম্পদের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, রংপুরে অনেক ছোট গরু বা দেশি গরু পালন করা হয়। এর মাংস খুবই সুস্বাদু হয়। এ গরুর মাংসের বাজার ভালো। এ বিষয়ে প্রাণিসম্পদ অধিদপ্তর উদ্যোগ নিতে পারে। কেননা এসব গরুর মাংসের চাহিদা ঢাকাতেও বেশি।
রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হুসাইন, সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, রংপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার তোফায়েল আহমেদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু ছাইদ বক্তব্য দেন। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ছাড়া বিভিন্ন সরকারি দপ্তর, প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।