ঢাকা
বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মেট্রোরেলের উদ্বোধনের সাইনবোর্ড ভাঙাকে কেন্দ্র করে ছাত্রলীগের
সঙ্গে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা
সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে এ ঘটনা ঘটে।
এতে ছাত্র ইউনিয়নের প্রায় ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে সংগঠনটি দাবি করেছে।
প্রত্যক্ষদর্শীরা
বলেন, হঠাৎ মশাল মিছিল নিয়ে একদল যুবক সাইনবোর্ড ভাঙা শুরু করে। কয়েকজন ব্যানারে
আগুন ধরানোর চেষ্টা করে। এ সময় টিএসসিতে অবস্থান করা ছাত্রলীগের নেতাকর্মীরা এসে তাদের
ওপর হামলা করে। এ সময় তারা ব্যানারে আগুন লাগাতে না পারলেও অনেকাংশে ভাঙতে
সক্ষম হয়। একপর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীদের মারধরের মুখে তারা চারুকলার দিকে পালিয়ে
যায়।
ঘটনাস্থলে
থাকা ঢাবি ছাত্রলীগ নেতা নাহিদ ভূইয়া বলেন, ছাত্র ইউনিয়নের একদল নেতাকর্মী প্রধানমন্ত্রীর
ছবি সম্বলিত মেট্রোরেলের সাইনবোর্ড ভাঙতে শুরু
করে। বিষয়টি আমাদের নজরে এলে ঘটনাস্থলে গিয়ে তাদের থামানোর চেষ্টা করি। কিন্তু তারা
আমাদের ওপর ক্ষিপ্ত হয়। পরে আশেপাশে থাকা আমাদের নেতাকর্মীরা এগিয়ে এলে ওরা পালিয়ে
যায়।
এদিকে নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে ছাত্র ইউনিয়ন সভাপতি রাগীব নাঈম বণিক বার্তাকে বলেন, ছাত্রলীগ দীর্ঘদিন ধরে রাজু ভাস্কর্যকে আড়াল করে সাইনবোর্ড লাগিয়ে রেখেছে। এ বিষয়টি ছাত্রলীগের নেতাদের বারবার নজরে আনা হলেও তারা সাইনবোর্ড সরানোর ব্যবস্থা করেনি। আজ সন্ধ্যায় রাজু ভাস্কর্যের সামনে আমাদের প্রোগ্রাম ছিল। কিন্তু পেছনে ছাত্রলীগের সাইনবোর্ড রেখে প্রোগ্রাম চালানো সম্ভব? তাই সেটা সরানোর চেষ্টা করলে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা করে। পরে হামলার শিকার হয়ে আমাদের ছেলেরা চলে আসতে চাইলে ছাত্রলীগের নেতাকর্মীরা পিছু নিয়ে তাদের একজন দুজন করে যাকে যেখানে পেয়েছে মেরেছে। এ হামলায় ছাত্র ইউনিয়নের প্রায় ৩০ জন নেতাকর্মী আহত হয়েছে বলে তিনি দাবি করেন।
প্রসঙ্গত, হামলাকারীরা ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে সৈকত বলেন, মেট্রোরেলের টিএসসি স্টেশনের আনুষ্ঠানিক
উদ্বোধন উপলক্ষে রাজু ভাস্কর্যের সামনে সাইনবোর্ড লাগানো হয়েছিল। উদ্বোধন পর্যন্ত এই
সাইনবোর্ড রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু ছাত্র ইউনিয়নের একদল উচ্ছৃঙ্খল নেতাকর্মী
সেটা ভাঙা শুরু করে এবং আগুন লাগানোর চেষ্টা করে। আমাদের নেত্রীর ছবি ভাঙার কারণে বিশ্ববিদ্যালয়ের
সাধারণ শিক্ষার্থীরা তাদের সমুচিত জবাব দেয়। আমি চাই যারা এই কাজ করেছে তারা যেন সকলের
সামনে নিঃশর্ত ক্ষমা চায়। অন্যথায় সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে কী করবে আমার জানা নেই।
এর
আগে গত ২ ডিসেম্বর শনিবার মেট্রোরেলের টিএসসি স্টেশনের উদ্বোধনকে ঘিরে প্রধানমন্ত্রী
শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ শোভাযাত্রা করে ছাত্রলীগ। সে সময় রাজু ভাস্কর্যে
এই সাইনবোর্ড প্রদর্শন করে তারা, যা এখনো রাজু ভাস্কর্যে রয়েছে। সেই থেকে বাম ছাত্র
সংগঠনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এর প্রতিবাদ জানিয়ে আসছে।