নেত্রকোনার কেন্দুয়া উপজেলা থেকে সিএনজি চালিত অটোরিকশা চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নুরুজ্জামাল ওরফে জামাল (৪০) উপজেলার নওপাড়া ইউনিয়নের পাঁচহার গ্রামের মৃত মগল চানের ছেলে।
বুধবার (২০ আগস্ট) সকাল ৯টায় উপজেলার চিরাং ইউনিয়নের আদমপুর-দুল্লী রাস্তার পাশে মরা বিলে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে পিবিআই, সিআইডি টিমকে জানালে তাঁরাও ঘটনাস্থলে পৌঁছালে সকাল ৯টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহত জামাল মিয়ার সিএনজি চালিত অটোরিকশাটি ঘটনাস্থলের পাশেই কচুরীপানার নিচে পাওয়া গেছে।
সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ থানায় নেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়অ হবে জানিয়েছেন ওসি।