মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৬টায় এ অঞ্চলে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।
গত কয়েকদিনে শীত জেঁকে বসেছে উত্তরের এ জনপদে। তাপমাত্রা কখনো ঘোরাফেরা করছে ১০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, কখনো আবার নেমে যাচ্ছে তারও নিচে। গতকালও তাপমাত্রা নেমে এসেছিল ৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সকাল থেকে সূর্যের দেখা মিললেও কনকনে ঠাণ্ডায় বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে খেটে-খাওয়া মানুষদের।
পৌর এলাকার ইজিবাইক চালক খলিলুর রহমান বলেন, সূর্যের দেখা মিললেও কনকনে ঠাণ্ডায় কষ্টে আছি। সন্ধ্যা থেকে শুরু হয় শীত, থাকে রাতভর। এতে আমাদের দুর্ভোগ পোহাতে হয়।
বালুশ্রমিক হাশিবুল ইসলাম বলেন, গরমের দিনে ভোর থেকেই নদীতে নেমে বালু উঠানোর কাজ শুরু করি। কিন্তু ঠাণ্ডার কারণে এখন পারছি না। কাজেও দেরি হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেনন্দ্রনাথ রায় জানান, চলতি মৌসুমে গতকালই প্রথম তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গেছে। দুদিন থেকে এ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে রোদ থাকায় কিছুটা স্বস্তি আছে। ডিসেম্বরের বাকি দিনগুলোয় তাপমাত্রা আরো কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।