পঞ্চগড় সীমান্তে ৯ জনকে পুশইন করেছে বিএসএফ, একজনকে হস্তান্তর

পঞ্চগড়ে বিভিন্ন সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। একই সময়ে ভারতের শিলিগুড়ি থেকে আটক এক তরুণীকে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করেছে তারা।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্ত দিয়ে ও সদর উপজেলার ঘাগড়া সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়েছে। পরে বিজিবি তাদের আটক করে পুলিশের জিম্মায় দিয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে তেঁতুলিয়ার বাংলাবান্ধা সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠকের মাধ্যমে এক তরুণীকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

অন্যদিকে এদিন রাত সাড়ে ৮টার দিকে ওই সীমান্তের মেইন পিলার ৭৩২ এর ৪ নম্বর সাব পিলার এলাকা দিয়ে এক নারী ও তার তিন সন্তানকে পুশইন করে বিএসএফ। পরে বাংলাদেশের ২ কিলোমিটার ভেতর থেকে বিজিবির টহল দল তাদের আটক করে।

গভীর রাতে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে ৫ নারীকে পুশইন করে বিএসএফ। নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের ঘাগড়া বিওপির সীমান্তের মেইন পিলার ৭৫৬ এলাকা দিয়ে তাদের পুশইন করা হয়। পরে বাংলাদেশের ডাংগিপুকুরি বাজারে তাদের আটক করেন হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদে নিয়ে যান। পরে তাদের পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন, এক নারীসহ ৪ জনকে অবৈধভাবে পুশইন করেছে বিএসএফ। আমরা তাদের আটক করে থানায় হস্তান্তর করেছি। বিষয়টি পুলিশ দেখছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, অন্য ৫ নারীকে আটকের পরে ইউপি চেয়ারম্যান আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

গত তিন মাসে ১০ দফায় পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৫৭ জনকে অবৈধভাবে পুশইন করেছে বিএসএফ।

আরও