আদর্শ বিক্রি না করার জন্য জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে ভাচুর্য়ালি মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।
আনিসুল হক বলেন, ‘৯ মার্চ ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন। শুনেছি, এটা নিয়ে টাকা-পয়সার লীলাখেলা হচ্ছে। আমি বিশ্বাস করি, আমার এলাকার মেম্বার-চেয়ারম্যানরা এমন না, তারা বিক্রি হবেন না।’
তিনি আরো বলেন, ‘শেখ হাসিনার কারণে আপনারা শান্তিতে আছেন। তিনি বাংলাদেশকে শান্তির দেশ হিসেবে গড়ে তুলেছেন। শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হবে।’
আইনমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষকে তাদের অধিকার শিখিয়েছেন। তা না হলে এ দেশের মানুষ অধিকার সম্পর্কে জানত না। বঙ্গবন্ধু সব সময় নিয়মতান্ত্রিক রাজনৈতিক আন্দোলন করতেন। কখনো নিয়মের বাইরে রাজনীতি করতেন না। তিনি সহিংসতার রাজনীতি করতেন না, মানুষ হত্যায় বিশ্বাসী ছিলেন না। তিনি বিশ্বাসী ছিলেন গণতন্ত্রে। সেই গণতন্ত্রের জন্য ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ভাষণ দেন। সে ভাষণে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। সারা বিশ্ব যখন এ ভাষণ শুনেছে, তখন তারা বুঝতে পেরেছে এ ভাষণ হবে একটি ঐতিহাসিক ভাষণ। এ ভাষণ শুনে আমাদের চোখে পানি এসেছিল, আমরা স্বাধীনতাযুদ্ধে যেতে উদ্বুদ্ধ হয়েছিলাম।’