জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারানোর পর পুনরায় উত্তোলনের প্রক্রিয়া সহজ করতে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল এক সভায় সিদ্ধান্ত হয়, এখন থেকে এনআইডি হারালে পুনরায় সংগ্রহের জন্য আর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না। এতে নাগরিকদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে লাঘব হবে বলে আশা করা হচ্ছে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেন।
হুমায়ুন কবীর বলেন, ‘আগে বৈধ এনআইডি হারালে নতুন কার্ডের আবেদন করার জন্য থানায় গিয়ে জিডি করতে হতো। এতে সময় ও শ্রমের পাশাপাশি নাগরিকদের অযথা ভোগান্তি পোহাতে হতো। নাগরিকদের এ সমস্যার সমাধানে আমি কমিশনের সঙ্গে আলোচনা করেছি। আমি আনন্দিত যে কমিশন বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে এবং ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। এর কৃতিত্ব পুরোপুরি কমিশনের।’