কুমিল্লায় কৃষিমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ শুরু করেছে

বিএনপি শুধু কথার রাজনীতি করে না, বরং বাস্তব কাজের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণে তারা কাজ শুরু করেছে বলে মন্তব্য করেছেন খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

তিনি বলেন, ‘নির্বাচনের আগে জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে সরকার মানুষের প্রত্যাশা পূরণে কাজ শুরু করেছে।’

গতকাল দুপুরে কুমিল্লার লালমাই উপজেলার দোশারীচোঁ মৌজার ডাকাতিয়া নদীর শাখা খাল পুনঃখননকাজের উদ্বোধন ও খালসংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় কৃষিমন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগেই বিএনপি দরিদ্র ও অসহায় নারীদের সহায়তার জন্য ফ্যামিলি কার্ড বিতরণের ঘোষণা দিয়েছিল এবং নির্বাচন শেষে খুব অল্প সময়ের মধ্যেই সেই কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে। একইভাবে কৃষকদের সহায়তায় কৃষক কার্ড চালু করার প্রস্তুতিও প্রায় সম্পন্ন হয়েছে।’ পয়েলা বৈশাখের আশপাশে তা চালু করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত। কৃষকদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পেলে দেশের সামগ্রিক অর্থনীতি শক্তিশালী হবে। এ লক্ষ্যে সরকার কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন সহায়ক উদ্যোগ এরই মধ্যে নিয়েছে।’

আমিন উর রশিদ বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ের মতো আবারো খাল খনন কর্মসূচি চালু করার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় খাল পুনঃখনন ও সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। খাল পুনঃখননের মাধ্যমে সেচ সুবিধা বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন ও মাছ উৎপাদন বাড়বে। পাশাপাশি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতেও এসব কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে।’

তিনি আরো বলেন, সরকারের লক্ষ্য হলো কৃষকবান্ধব নীতি গ্রহণের মাধ্যমে দেশের কৃষি খাতকে আরো শক্তিশালী করা এবং গ্রামীণ অর্থনীতিকে টেকসই ভিত্তির ওপর দাঁড় করানো।

স্থানীয় জনগণকে খাল রক্ষা ও ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, খালগুলো সচল থাকলে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি পানি নিষ্কাশন সহজ হবে ও এলাকার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়া ও বিএডিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আজিজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মু. রেজা হাসান। 

এ সময় সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা ও সুশীল সমাজের প্রতিনিধিসহ জনসাধারণ উপস্থিত ছিলেন।

এ খাল খনন কার্যক্রমের মাধ্যমে লালমাই উপজেলার ৪২টি গ্রামের জলাবদ্ধতা দূরীভূত হবে। ফলে এ অঞ্চলের বিপুলসংখ্যক মানুষ উপকৃত হবে।

আরও