চাঁদাবাজি, ছিনতাই ও মাদক সংক্রান্ত অপরাধ দমনে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কঠোরভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। তিনি বলেছেন, যে কোনো মূল্যে স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে এবং অপরাধে জড়িতদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
আজ রোববার (২২ ফেব্রুয়ারি) বিকালে পুলিশ সদর দপ্তর থেকে পুলিশের সব ইউনিট প্রধান, মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ উপমহাপরিদর্শক ও জেলার পুলিশ সুপারদের সঙ্গে অনলাইন সভায় এসব নির্দেশনা দেন আইজিপি। সভায় চাঁদাবাজি, ছিনতাই ও মাদক প্রতিরোধে কার্যকর পদক্ষেপ জোরদার করার কথা বলা হয়।
আইজিপি বলেন, কেউ যদি চাঁদাবাজি, সন্ত্রাস বা মাদক সংক্রান্ত অপরাধে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেয়া যাবে না।
তিনি আরো বলেন, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের তৎপরতা চলতে দেয়া যাবে না। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
মহাসড়কে ডাকাতি প্রতিরোধে আইজিপি হাইওয়ে পুলিশকে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। একই সঙ্গে জেলা পুলিশকেও মহাসড়কে ডাকাতি ঠেকাতে সক্রিয় ভূমিকা রাখার কথা বলেন। তিনি জানান, যে কোনো মূল্যে মহাসড়কে ডাকাতি বন্ধ করতে হবে।
সভায় পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট অতিরিক্ত মহাপরিদর্শকরাও উপস্থিত ছিলেন।