জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় বরখাস্তকৃত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়াসহ আট আসামির মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেছে ট্রাইব্যুনাল। গতকাল ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে বিচারক মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।
দীপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের ছেলে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য সাত আসামি হলেন জঙ্গিগোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান, আবদুর সবুর সামাদ ওরফে সুজন ওরফে রাজু ওরফে স্বাদ, খাইরুল ইসলাম ওরফে জামিল ওরফে জিসান, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন ওরফে শাহরিয়ার ও শেখ আবদুল্লাহ ওরফে জুবায়ের ওরফে জায়েদ ওরফে জাবেদ ওরফে আবু ওমায়ের, আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে আবির ওরফে আদনান ওরফে আবদুুল্লাহ। এর মধ্যে জিয়া ও আকরাম পলাতক। রায় ঘোষণার সময় কারাগারে থাকা ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রায় ঘোষণার পর তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।
এদিকে দীপনসহ ব্লগারদের হত্যার পেছনে ‘রাষ্ট্রের গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক চরিত্র ধ্বংসই জঙ্গিদের উদ্দেশ্য ছিল মর্মে রায়ের পর্যালোচনায় উল্লেখ করেছেন বিচারক।