প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের বৈঠক

বাংলাদেশে পাঁচ বছরে ৫ বিলিয়ন ডলার অর্থায়নের ঘোষণা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।

গতকাল সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।

বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় আগামী পাঁচ বছরে ৫ বিলিয়ন (৫০০ কোটি) ডলার অর্থায়নের ঘোষণা দিয়েছেন মাসাতো কান্দা। গতকাল এডিবির ঢাকা অফিস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এডিবি জানিয়েছে, ‘ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ’ নামে একটি কর্মসূচির আওতায় পাঁচ বছরে বাংলাদেশকে মোট ৫ বিলিয়ন ডলার অর্থায়ন হবে। এর মাধ্যমে বিনিয়োগ সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও আঞ্চলিক ভারসাম্যপূর্ণ প্রবৃদ্ধি গতিশীল করার লক্ষ্য নেয়া হয়েছে। কর্মসূচির আওতায় বছরে প্রায় ১ বিলিয়ন ডলার করে অর্থায়নের পরিকল্পনা রয়েছে।

সফরকালে ২০২৬ সালের বার্ষিক প্রতিশ্রুতি কর্মসূচির অংশ হিসেবে প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের ঋণ চুক্তিও সই করেছে এডিবি। পাশাপাশি মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে বাংলাদেশের অর্থনীতিতে তৈরি হওয়া চাপ মোকাবেলায় অতিরিক্ত ২৫ কোটি ডলার সহায়তা বাড়ানোর ঘোষণা দেয়া হয়েছে।

এডিবির মতে, মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেল, এলএনজি, সার ও শিপিং ব্যয় বেড়েছে। একই সময়ে উচ্চ মূল্যস্ফীতি এবং চাপের মুখে থাকা ব্যাংক খাত বাংলাদেশের অর্থনীতিকে আরো চ্যালেঞ্জের মধ্যে ফেলেছে।

মাসাতো কান্দা বলেন, ‘বাংলাদেশ গুরুত্বপূর্ণ একটি পর্যায়ে প্রবেশ করছে। এডিবি দেশটিকে স্থিতিশীলতা রক্ষা, নতুন প্রবৃদ্ধির উৎস তৈরি এবং আরো বহুমুখী ও সহনশীল অর্থনীতি গড়ে তুলতে সহায়তা করবে, যা উন্নত কর্মসংস্থান ও বিস্তৃত সুযোগ সৃষ্টি করবে।’

এডিবি আরো জানায়, বাংলাদেশের জন্য তাদের বার্ষিক সার্বভৌম ঋণ প্রতিশ্রুতি মধ্যমেয়াদে প্রায় ২ বিলিয়ন থেকে বাড়িয়ে ২ দশমিক ৪ বিলিয়ন ডলারে উন্নীত করা হবে, যা প্রায় ২০ শতাংশ বৃদ্ধি। এ বাড়তি অর্থায়ন বিনিয়োগনির্ভর প্রবৃদ্ধি, কর্মসংস্থান, অর্থনৈতিক বহুমুখীকরণ, সুশাসন এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে উত্তরণে সহায়তা করবে।

বাংলাদেশের মধ্যমেয়াদি উন্নয়ন কাঠামো প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তার জন্য ২০ লাখ ডলারের কারিগরি সহায়তাও দেবে এডিবি।

সফরকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গেও বৈঠক করেন এডিবি প্রেসিডেন্ট। বৈঠকে বাংলাদেশের সংস্কার কর্মসূচি, সামষ্টিক অর্থনৈতিক চাপ, বৈদেশিক অর্থায়নের প্রয়োজন এবং প্রবৃদ্ধি ও অর্থনৈতিক সহনশীলতা জোরদারে এডিবির সহায়তা নিয়ে আলোচনা হয়।

এছাড়া বেসরকারি খাতের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন মাসাতো কান্দা। বিনিয়োগ বাড়াতে আরো কার্যকর পুঁজিবাজার, বিনিয়োগযোগ্য প্রকল্প প্রস্তুত এবং সহ-অর্থায়ন ও বেসরকারি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রেও সরকারের সঙ্গে কাজ করছে এডিবি।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, সাক্ষাৎকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।

আরও