জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শাপলা প্রতীক এনসিপির আইনগত অধিকার। এতে রাষ্ট্রীয় বা সাংবিধানিক কোনো বাধা নেই। শাপলা প্রতীক নিয়েই আমরা নির্বাচনে অংশগ্রহণ করব।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নেত্রকোণা জেলার সাংগঠনিক সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। জেলার বড় বাজার এলাকায় একটি পার্টি সেন্টারে জেলা এবং উপজেলার সমন্বয় কমিটির সদস্যদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সারজিস আলম অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন ও উপদেষ্টারা মাঝে মাঝে নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হচ্ছেন। কিছু উপদেষ্টার আচরণে মনে হয়, তারা রাজনৈতিক প্রভাব ও পক্ষপাতিত্বের দিকে ঝুঁকছেন, যা গণতান্ত্রিক নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে। ‘সেইফ এক্সিট’ গ্রসঙ্গ তুলে তিনি বলেন, মৃত্যু ছাড়া কোনো সেইফ এক্সিট নেই।
উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের মাধ্যমে ২৫ জন অফিসারের বিরুদ্ধে অভিযোগ এসেছে। সেনাবাহিনী দেশের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। আমরা এ প্রতিষ্ঠানকে সবসময় মর্যাদাপূর্ণ অবস্থানে দেখতে চাই। কিন্তু ওই প্রতিষ্ঠানের কিছু অফিসারকে ব্যবহার করে হাসিনা এবং তার সরকার বিগত সময়ে অসংখ্য খুন গুম ও বিচারবহির্ভূত হত্যা চালিয়েছে। আয়নাঘরের নির্মমতা আমরা দেখেছি। আমরা দেখেছি যে, শুধুমাত্র একজন অফিসার ১০৩০ জন জনকে হত্যা করেছে। এ সিরিয়াল কিলারদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম। কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) প্রীতম সোহাগ ও কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান।