যৌন হয়রানি ও দুর্নীতির দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক প্রভাস কুমারকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ৫৪৮তম সভায় তাকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত হয়।
আজ রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, অধ্যাপক প্রভাস কুমারের বিরুদ্ধে ওঠা অভিযোগের পর বিষয়টি তদন্তে দুটি কমিটি করা হয়েছিল। কমিটির তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে সিন্ডিকেট সভায় তার বিরুদ্ধে স্থায়ীভাবে চাকরিচ্যুতির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, তার (প্রভাস কুমার) নামে নারী হয়রানির অভিযোগ ছিল এবং প্রশ্নফাঁসসংক্রান্ত অভিযোগও ছিল। আমরা তদন্ত কমিটি গঠন করেছিলাম এবং আমাদের এখানে যে যৌন নিপীড়ন সেল আছে তাদের মাধ্যমে আমরা দুটি তদন্ত কমিটি গঠন করি। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য সুযোগ দেয়া হয়েছিল। এরপর ১৩ তারিখের সিন্ডিকেটে তাকে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
এর আগে, গত বছরের ৪ আগস্ট অধ্যাপক প্রভাস কুমারের বিরুদ্ধে নিজ বিভাগের এক ছাত্রীকে চেম্বারে ডেকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত এবং কুরুচিপূর্ণ প্রস্তাব দেয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ১৩ আগস্ট বিভাগের সভাপতি বরাবর লিখিত অভিযোগ দেন ওই শিক্ষার্থীর মা। পরে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির তদন্তের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিকতর তদন্ত করে। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গত বছরের ৯ সেপ্টেম্বর তাকে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছিল।