উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় তাকে সেখানে ভর্তি করা হয়। তার এপিএস এস এম মিজানুর রহমান সোহেল এ তথ্য জানিয়েছেন। বণিক বার্তাকে তিনি বলেন, এখন তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো।
আজ সকাল সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়। তার সঙ্গে সহধর্মিণী আফরোজা আব্বাস, ছেলে ইয়াসীর আব্বাস এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক জাফর ইকবাল ছিলেন।
গত বুধবার ইফতারির সময়ে অসুস্থ হয়ে জ্ঞান হারালে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাসকে। সেখানে নিউরো বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। শুক্রবার সেখানে তার মস্তিস্কে অস্ত্রোপচার করা হয়। পৌনে চার ঘণ্টার অস্ত্রোপচার শেষে ওইদিন রাতে আইসিইউতে স্থানান্তর করা হয় মির্জা আব্বাসকে।